মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদী, মিরসরাই: টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনায় আগামী তিন দিনের জন্য পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৭ জুলাই) থেকে ১০ জুলাই পর্যন্ত বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব ঝরনায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময় কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না এবং দর্শনার্থীদের ঝরনাগুলোতে প্রবেশ করতে দেওয়া হবে না।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় আকস্মিক ঢল, পাহাড়ধস এবং ঝরনায় পানির তীব্র স্রোতের ঝুঁকি বেড়েছে। এসব কারণে জননিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ বিষয়ে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের ইজারাদারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধের সময় কোনো পর্যটককে ঝরনায় প্রবেশ করতে না দেওয়া এবং টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে ঝরনাগুলোতে পানির স্রোত অনেক বেড়েছে। এ সময়ে সেখানে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো দুর্ঘটনা এড়াতে আগামী ১০ জুলাই পর্যন্ত ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি বাস্তবায়নে ইজারাদারদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মিরসরাইয়ের বিভিন্ন ঝরনায় দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঝরনাগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।