বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক:: টানা ভারি বৃষ্টির মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে চারতলা একটি ভবন ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দেশটির বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে চলা ভারি বর্ষণে ভূমিধস, জলাবদ্ধতা ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স, এএনআই-এর বরাতে জানিয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) দিল্লির রোহিনি এলাকায় চারতলা ভবনটি ধসে পড়ে।
স্থানীয় প্রশাসন জানায়, ভবন ধসের পর ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়েন। দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে চারজনকে হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করা হয়। এর আগে স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ থেকে আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উদ্ধার হওয়া আরও একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধ্বংসস্তূপে আরও কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ভারতের আবহাওয়া বিভাগ দিল্লির কয়েকটি এলাকা এবং প্রতিবেশী হরিয়ানা রাজ্যে রেড অ্যালার্ট জারি করে আরও ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে। কারণ বিমানবন্দরের দিকে যাওয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক জলমগ্ন হয়ে পড়েছে।
শুধু দিল্লিই নয়, ভারি বৃষ্টিতে ভারতের বিভিন্ন রাজ্যেও প্রাণহানির ঘটনা ঘটেছে। কেরালার ওয়ানাদে ভূমিধসে অন্তত চারজন নিহত হয়েছেন। মহারাষ্ট্রে বৃষ্টিজনিত পৃথক ঘটনায় আরও অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। পুনে শহরে একটি বর্জ্য শোধনাগারে আবর্জনার স্তূপ ধসে পড়ে বহু মানুষ চাপা পড়েন।
এ ছাড়া গুজরাট ও আগ্রা শহরের বিস্তীর্ণ এলাকাও জলাবদ্ধতায় তলিয়ে গেছে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিজনিত দুর্যোগে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।