সোমবার
০১ এপ্রিল ২০২৪
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সীতাকুণ্ড প্রতিনিধি*

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্রবণ প্রতিবন্ধী ভ্যানে ফল বিক্রেতার সন্তান তাহমিনা আক্তার মুন্নি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মেয়ের এমন খুশির খবর শুনেও মুখে হাসি নেই ভ্রাম্যমাণ ফল বিক্রেতা মিজানের। অভাবের সংসারে যেখানে দুবেলা ঠিকমত আহার যোগাতেই হিমশিম খেতে হয়, সেখানে ঢাকায় রেখে মেয়েকে কীভাবে পড়ালেখা করাবেন-তা নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই। এমন খবর জেনে মেধাবী তাহমিনার পাশে দাঁড়িয়েছেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম।
সোমবার (১ এপ্রিল) দুপুরে তাহমিনা ও তার বাবা-মাকে থানায় ডেকে নিয়ে ফুল দিয়ে বরণ করেন ওসি কামাল উদ্দিন। ২ছেলে ২মেয়েসহ ৬ সদস্যের পরিবারটির আর্থিক দুরাবস্থার কথা শোনে ওসি তাহমিনার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। আগামীতে তাহমিনার পড়াশোনায় কোনো সমস্যা হলে তিনি তার ব্যক্তিগত মোবাইলে সরাসরি যোগাযোগ করতে বলেন।
ওসি কামাল উদ্দিন বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে মেয়েটি। কিন্ত আর্থিকভাবে খুবই অস্বচ্ছল। এ মেয়ে ভবিষ্যতে দেশ গড়ার নেতৃত্ব দেবে, দেশের মানুষ একদিন উপকৃত হবে। এসব মেধাবীদের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান ওসি কামাল উদ্দিন।

তাহামিনা সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ ইদিল পুর গ্রামের ভ্যান গাড়ি করে ফল বিক্রেতা মিজানের মেয়ে। সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ‘বি’ ইউনিটে ১৮১তম ও ‘সি’ ইউনিটে ৩১২তম স্থান অর্জন করেছেন। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও মেধা তালিকায় ‘ডি’ ইউনিটে ৭৯তম এবং ‘বি’ ইউনিটে ৪৫৪তম হয়েছেন।
তাহমিনা ২০২১ সালে সীতাকুণ্ড বালিকা উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেন। এরপর ২০২৩ সালে একই বিভাগে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করেন।