বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১২ জুলাই ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ডেঙ্গুর থাবা চট্টগ্রামে, ২৪ ঘণ্টায় প্রাণ গেল এক নারীর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ১৮ জন। একই সময়ে ডেঙ্গুজনিত জটিলতায় এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৯ জন সরকারি হাসপাতালে এবং ৯ জন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন।

সরকারি হাসপাতালগুলোর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। তাদের মধ্যে পাঁচজন ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং একজন ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চট্টগ্রামে একজন করে রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন মরিয়ম বেগম (৩১) নামে এক নারী। তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পাহাড়তলী এলাকার কাজী জাহানারা কলোনির বাসিন্দা মরিয়ম গত ১০ জুলাই হাসপাতালে ভর্তি হন এবং ১১ জুলাই মারা যান। চিকিৎসকদের মতে, তার মৃত্যুর প্রধান কারণ ছিল ডেঙ্গু শক সিনড্রোম ও মায়োকার্ডাইটিস।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রামে মোট ৪৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৭৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৪ জন।

বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ৩৮০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।