মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাড়ির সীমানা প্রাচীরের ফটকের তালা ভেঙে আঙিনা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন গাড়ির মালিক।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাত ৪টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা পেশকার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
অটোরিকশার মালিক বাবলা দাশ জানান, রাতে তার সিএনজিচালিত অটোরিকশা (নিবন্ধন নম্বর: চট্টগ্রাম-থ-১৩-২৬২০) বাড়ির আঙিনায় পার্কিং করে রাখা ছিল। বাড়ির সীমানা প্রাচীরের ফটকে তালা লাগানো ছিল। পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর ভোররাতে চোরেরা তালা ভেঙে গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
সকালে ঘুম থেকে উঠে আঙিনায় গাড়িটি না দেখে বিষয়টি বুঝতে পারেন তিনি। পরে বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোররাত ৪টার দিকে এক ব্যক্তি অটোরিকশাটি চালিয়ে নিয়ে যাচ্ছে। চুরি হওয়া গাড়িটির আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনা বেড়েছে। এর আগে গত ৭ জুলাই ভোরে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনার বাপের টেক এলাকা থেকে রাশেদুল হকের একটি সিএনজিচালিত অটোরিকশাও চুরি হয়েছিল।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। চুরি হওয়া গাড়িটি উদ্ধারে পুলিশ কাজ করছে।