মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে চাহিদাভিত্তিক দক্ষ জনশক্তি তৈরি এবং প্রযুক্তিনির্ভর, বৈষম্যহীন ও উৎপাদনশীল বাংলাদেশ গড়ে তুলতে সরকার দক্ষতা উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম জনশক্তি তৈরিতে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের যুবসমাজই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের দক্ষতা, উদ্ভাবনী সক্ষমতা ও পেশাগত যোগ্যতা বৃদ্ধি পেলে শিল্পায়ন, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে এবং বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও উদীয়মান প্রযুক্তির বিকাশ নতুন চ্যালেঞ্জের পাশাপাশি নতুন সম্ভাবনাও তৈরি করছে। এ বাস্তবতায় সরকার দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আধুনিক, শিল্পমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে কাজ করছে।
বাণীতে প্রধানমন্ত্রী জানান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) দক্ষতার মানোন্নয়ন, অভিন্ন সনদায়ন ব্যবস্থা, আন্তর্জাতিক সহযোগিতা, জাতীয় ও বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সময়োপযোগী জাতীয় দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি আশা প্রকাশ করেন, ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ পুনঃদক্ষায়ন (Reskilling), দক্ষতার নবায়ন (Upskilling) এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নত বাংলাদেশ গঠনের পথকে আরও বেগবান করবে।