বুধবার
১৫ জুলাই ২০২৬
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: একাত্তরে মহান মুক্তিযুদ্ধের পর প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি; বরং বিষয়টি রাজনৈতিকভাবে উপস্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পিরোজপুর-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলালের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর যাদের দায়িত্ব ছিল শহীদ ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা, তারা সেটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে। নিরপেক্ষ ও সঠিকভাবে তালিকা করা হয়নি।”
তিনি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে। এই কমিটির মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিকভাবে শনাক্ত করে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিকেল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। এ সময় তিনি নির্ধারিত তারকা চিহ্নিত প্রশ্ন ও সম্পূরক প্রশ্নের জবাব দেন।
একাত্তরের শহীদ ও গণহত্যার শিকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, এটি সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ। সেই অঙ্গীকার বাস্তবায়নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গবেষক ও বিশেষজ্ঞদের নিয়ে সভা, অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা এবং বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের কাজ করছে।
তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে গণহত্যার শিকার এবং মুক্তিযুদ্ধের সব শহীদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন সম্ভব হবে, পাশাপাশি তাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা যাবে।
দলীয়করণমুক্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের বিষয়ে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের প্রতি দায়িত্বশীল। সে কারণেই সরকার রাজনৈতিক প্রভাবমুক্ত, নির্ভুল ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে কাজ করছে।”
তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন সময়ে তালিকা প্রণয়নে নানা ধরনের জটিলতা ও অসঙ্গতি তৈরি হয়েছে। সেসব দূর করে বিশেষজ্ঞদের সহায়তায় একটি গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের চেষ্টা চলছে।