শনিবার
১৮ জুলাই ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অতিরিক্ত ওজনের ইটবোঝাই ট্রাক পারাপারের সময় একটি বেইলি সেতু ধসে পড়েছে। এতে ট্রাকটি সেতুর ওপর আটকে যায় এবং গুরুত্বপূর্ণ রানিরহাট-কাউখালী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার সাহেবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধারণক্ষমতার চেয়ে বেশি ওজন বহনকারী একটি ইটবোঝাই ট্রাক সেতুটি পার হওয়ার সময় মাঝপথে পৌঁছালে বিকট শব্দে স্টিলের অংশ ভেঙে পড়ে। এতে ট্রাকটি সেতুর ওপর আটকে যায় এবং সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
রানিরহাট-কাউখালী সড়কটি রাঙ্গুনিয়া ও কাউখালী এলাকার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। সেতু ধসে পড়ার পর সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিকল্প সড়ক না থাকায় যাত্রী ও পরিবহন চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রনেন চাকমা জানান, স্টিলের বেইলি সেতুটি এক সপ্তাহ আগেই মেরামত করা হয়েছিল। কিন্তু পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিছু চালক নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ওজন নিয়ে সেতু পার হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে।
তিনি বলেন, সড়ক ও জনপদ বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সেতু মেরামতের কাজ শুরু করেছে। আগামীকালের মধ্যে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।