বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২০ জুলাই ২০২৬

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আর্জেন্টিনার হারে রাজধানীতে সহিংসতা, আটক ১৫

আন্তর্জাতিক ডেস্ক:: ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে বিক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। আহত হয়েছেন কয়েকজন সমর্থক ও সাত পুলিশ সদস্য।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ে জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৯ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় জড়ো হওয়া সমর্থকদের একাংশ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে।

রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ৬৭ দশমিক ৫ মিটার উঁচু জাতীয় স্মৃতিস্তম্ভ ওবেলিস্ক এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন সমর্থক নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে স্মৃতিস্তম্ভে ওঠার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে বিক্ষুব্ধ সমর্থকদের একটি অংশ পুলিশের দিকে কাচের বোতলসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে।

প্রায় ২০ মিনিট ধরে চলা সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য আহত হন। আহত হন কয়েকজন সমর্থকও। তাদের মধ্যে একজন সমর্থকের লাথিতে এক পুলিশ সদস্য মুখে গুরুতর আঘাত পান। এছাড়া এক নারীও আহত হয়েছেন।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।