বুধবার
২২ জুলাই ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ প্রমাণিত হয়েছে। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগও আদালতে প্রমাণিত হয়।
আদালত দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে, গত ৫ মে ২০২৬ বিভাগীয় বিশেষ জজ আদালত জাফর আহমদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।
রায়ের সময় জাফর আহমদ আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।