বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বিনোদন ডেস্ক:: ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে সালমান খান বলেন, প্রশ্নপত্র ফাঁস একটি অত্যন্ত গুরুতর বিষয় এবং এটি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই এ ইস্যুকে রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়।
তিনি লেখেন, আন্দোলনের সব কৃতিত্ব শিক্ষার্থীদের প্রাপ্য। দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে সংশ্লিষ্ট এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন ও শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার জন্য তারা প্রশংসার দাবিদার।
সালমান খান আরও বলেন, আন্দোলনের মূল উদ্দেশ্য যেন কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে আড়াল না হয়ে যায়। প্রশ্নপত্র ফাঁসের মতো সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে বিভাজন সৃষ্টি বা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা কাম্য নয়।
তিনি মনে করেন, এ সংকট মূলত শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার একটি সমস্যা। তাই বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
সরকার শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন এই বলিউড তারকা।