শুক্রবার
২৪ জুলাই ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক:: ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে না বলে স্পষ্ট জানিয়েছে হোয়াইট হাউস। ওয়াশিংটনের ভাষ্য, রিয়াদকে অবশ্যই আব্রাহাম আকর্ডসে যোগ দিতে হবে, অন্যথায় চুক্তিটি বাস্তবায়ন করা হবে না।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা কেবল বেসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকবে। তবে চুক্তির বাস্তবায়ন সম্পূর্ণ নির্ভর করবে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আব্রাহাম আকর্ডসে যোগ দেয় কি না, তার ওপর।
পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিটও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সৌদি আরব যদি আঞ্চলিক শান্তি চুক্তি আব্রাহাম আকর্ডসে অংশগ্রহণ না করে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে না।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আব্রাহাম আকর্ডসে সৌদি আরবের যোগদান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হবে।
এর আগে বুধবার (২২ জুলাই) যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মার্কিন প্রযুক্তিতে পারমাণবিক চুল্লি নির্মাণের বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছিল। তবে ট্রাম্পের নতুন শর্তে সেই চুক্তির ভবিষ্যৎ এখন কূটনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে।
দীর্ঘদিন ধরে সৌদি আরব বলে আসছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি গ্রহণযোগ্য রূপরেখা ছাড়া তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে না। ট্রাম্পের সর্বশেষ ঘোষণার পর এ বিষয়ে ওয়াশিংটনস্থ সৌদি দূতাবাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।