বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২৫ জুলাই ২০২৬

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আশাবাদী ভারত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের জেরে দুই দেশের সম্পর্কে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। নির্বাচনের পর নতুন বাস্তবতায় ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী বলে জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, বাংলাদেশ সরকার ভারতে দুজন নতুন প্রেস কর্মকর্তা নিয়োগ দিয়েছে। অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভারতবিরোধী অবস্থান নিয়ে আলোচনা ছিল। এ বিষয়ে ভারতের অবস্থান কী?

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে আমাদের জানানো হয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই। দুই দেশের সম্পর্ক জোরদারে এখানকার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার জন্য আমরা উন্মুখ।”

একই ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শিগগিরই ঢাকা সফরে আসছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে ভারত সরকার অবগত কি না এবং সফরের উদ্দেশ্য সম্পর্কে তাদের কোনো তথ্য রয়েছে কি না।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “মার্কিন রাষ্ট্রদূতের সম্ভাব্য ঢাকা সফর সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।”

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চললেও, ভারতের সর্বশেষ এই বক্তব্যকে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক ও আরও শক্তিশালী করার ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।