বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৬ জুলাই ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘সাহাবুদ্দিন সাংবিধানিক দায়িত্বই পালন করেছেন’—স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিরোধী দলের উত্থাপিত অভিযোগে আমলে নেওয়ার মতো কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিন সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন মহল যে অভিযোগ তুলছে, তা রাজনৈতিক বক্তব্যের অংশ হতে পারে, তবে সরকার সেখানে আমলে নেওয়ার মতো কোনো বিষয় দেখছে না।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তিনি সেগুলো পাবেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী স্পিকার সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পুরো প্রক্রিয়াই আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রত্যেকের মত প্রকাশ ও প্রতিবাদের অধিকার রয়েছে। বিরোধী দল বা অন্য কেউ রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন, তবে সরকার সেসব অভিযোগে গুরুত্ব দেওয়ার মতো কোনো তথ্য খুঁজে পায়নি।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের সময়েও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্দিষ্ট আইনি সুরক্ষা (ইমিউনিটি) ভোগ করেন এবং দায়িত্ব পালনকালীন বিষয়ে তার বিরুদ্ধে মামলা করার সুযোগ নেই।

লন্ডনে চিকিৎসার সময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোহাম্মদ সাহাবুদ্দিনের ফোনালাপ হয়েছে—এমন অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনি কেবল সংবাদমাধ্যমে দেখেছেন। এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য-প্রমাণ নেই।

তিনি বলেন, “আজকের ইন্টারনেটের যুগে কারও সঙ্গে কথা বলতে লন্ডনে যাওয়ার প্রয়োজন হয় না। যদি কেউ কথা বলতে চান, এখান থেকেও বলতে পারেন।”

রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই সময়ের কোনো অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট আইন অনুযায়ী নিষ্পত্তি হবে।