বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০২ আগস্ট ২০২৬

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সমঝোতার ইঙ্গিত, ইরানে হামলা আপাতত বন্ধ রাখছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বৃহৎ সামরিক হামলা আপাতত স্থগিত করা হয়েছে। তার দাবি, সম্ভাব্য একটি সমঝোতার ‘রূপরেখা’ চূড়ান্ত হওয়ায় এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সমঝোতাটি দ্রুত চূড়ান্ত করা গেলে হামলার প্রয়োজন হবে না। খবর আল জাজিরার।

ট্রাম্পের ভাষ্য, সম্ভাব্য এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি সম্পূর্ণ ও তাৎক্ষণিকভাবে উন্মুক্ত হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে।

এর আগে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে ট্রাম্পের সর্বশেষ ঘোষণার পরও এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের ওপর নতুন হামলা চালায়, তাহলে তার ‘সমানুপাতিক জবাব’ দেওয়া হবে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে সম্ভাব্য হামলার পরিকল্পনা বাতিল করে আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার ট্রাম্প ইরানকে লক্ষ্য করে ‘খুব কঠোর’ হামলার হুমকি দিয়েছিলেন। তবে একদিনের ব্যবধানে তিনি সম্ভাব্য সমঝোতার কথা উল্লেখ করে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেন।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শনিবার অঞ্চলটির ১০টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে অঞ্চল ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।