রবিবার
০৯ আগস্ট ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হচ্ছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বিষয়টি জানান।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে ১১ দলীয় ঐক্যের নেতারা বৈঠকে বসেন। বৈঠকে জোটের শরিক দলগুলোর নেতারা রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে অলি আহমদের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। জোটের নেতারা জানান, দেশের কল্যাণ ও বৃহত্তর রাজনৈতিক ঐক্যের বিষয় বিবেচনায় নিয়েই তাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়া হবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। সবশেষে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপিও দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। ফলে এবারের রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।