শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

১১ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

‘র’ প্রধানের সফর নিয়ে অযথা জল্পনা নয়: তথ্য উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে অযথা জল্পনা-কল্পনা না করার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের প্রধান যেমন সম্প্রতি ভারত সফর করেছেন, একইভাবে সরকারি সফরের অংশ হিসেবে ‘র’ প্রধান ঢাকায় এসেছেন। এটি দুই প্রতিবেশী দেশের স্বাভাবিক যোগাযোগের অংশ।

মঙ্গলবার (১১ আগস্ট) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেন, ‘র’-এর প্রধান চীন থেকে ঢাকায় এসেছেন এবং সফরে বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে সরকার প্রয়োজন মনে করলে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারে। তবে এ সফর নিয়ে জল্পনা-কল্পনার কোনো কারণ নেই।

তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় পারস্পরিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে। প্রতিবেশী পরিবর্তন করা সম্ভব নয়, তাই ভারত ও বাংলাদেশকে একে অপরের সঙ্গে সম্পৃক্ত হয়েই এগিয়ে যেতে হবে।

ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, আগে যেভাবে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা হয়েছে, এখন তা না করে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক তৈরি করতে হবে।

তিনি বলেন, দুই দেশই স্বাধীন ও সার্বভৌম। নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে উভয় দেশের বক্তব্য ও স্বার্থ থাকতে পারে। তবে এসব বিষয় দুই স্বাধীন দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

এদিকে সাপ্তাহিক ব্রিফিংয়ে সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি ও জবাবদিহিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপের কথাও জানান তথ্য উপদেষ্টা। সরকারি কর্মঘণ্টায় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়ায় এক চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া সড়ক যোগাযোগ, রেলওয়ে ও জ্বালানি খাতের বিভিন্ন অগ্রগতির তথ্য তুলে ধরেন জাহেদ উর রহমান।