শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বুধবার

১২ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

লোডশেডিংয়ে জনরোষ, বিদ্যুৎ অফিসে নিরাপত্তা চায় পল্লী বিদ্যুৎ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময়ের লোডশেডিং ও বিদ্যুৎ স্থাপনায় হামলার ঘটনায় নিরাপত্তা চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি দিয়েছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত চিঠিটি বুধবার (১২ আগস্ট) পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, জ্বালানি সংকট ও তীব্র গরমের কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। ফলে বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যাপক লোডশেডিং হচ্ছে। কোনো কোনো এলাকায় দিনে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না।

পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ৮০টি সমিতির সম্মিলিত দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ৮ থেকে ৯ হাজার মেগাওয়াট। বিপরীতে তারা পাচ্ছে গড়ে ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট। এতে সরবরাহ ঘাটতি তৈরি হচ্ছে এবং জনভোগান্তি বাড়ছে।

চিঠিতে আরও বলা হয়, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ হয়ে কোথাও কোথাও সাধারণ মানুষ পল্লী বিদ্যুতের উপকেন্দ্র ও কার্যালয়ে হামলা ও ভাঙচুর করছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

এ অবস্থায় দেশের প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রিড, উপকেন্দ্র ও কার্যালয়ে নিরাপত্তা জোরদারে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, চিঠিটি তারা পেয়েছেন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সবসময় সচেষ্ট রয়েছে এবং নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এদিকে বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ হিসেবে গ্যাসের ঘাটতিকে দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, গ্যাস সরবরাহ বাড়াতে মালয়েশিয়ার সঙ্গেও আলোচনা চলছে।

তিনি বলেন, গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। পরিস্থিতি সামাল দিতে সরকার বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করছে এবং বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে জাতীয় পর্যায়ে লোডশেডিং ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। এর সবচেয়ে বেশি চাপ পড়ছে দেশের গ্রামাঞ্চলে।