বুধবার
১২ আগস্ট ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: নগরের কাজীর দেউড়ি মোড়, চাক্তাই ব্যাংক এশিয়া মোড় থেকে নতুন ব্রিজ গোলচত্বর এবং পাঠানিয়াগোদা ও হাজেরা তজু ডিগ্রি কলেজ সংলগ্ন সড়ক ও ফুটপাতে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বুধবার (১২ আগস্ট) বিকেলে পরিচালিত এসব অভিযানে মোট ৬০০টি ভাসমান টং দোকান উচ্ছেদ করা হয়।
এ সময় দোকানগুলোর বাক্স, টুল-টেবিল ও রিকশাভ্যান চসিকের ট্রাকে তুলে নিয়ে যায় কর্তৃপক্ষ। অভিযান পরিচালনা করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, নগরের গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানও পরিচালিত হয়েছে।
অভিযানে কাজীর দেউড়ি মোড় এবং চাক্তাই ব্যাংক এশিয়া মোড় থেকে নতুন ব্রিজ গোলচত্বর পর্যন্ত সড়কের উভয় পাশে ফুটপাতসহ প্রায় ৫০০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ডের পাঠানিয়াগোদা ও হাজেরা তজু ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয় এবং শতাধিক অবৈধ টং দোকান অপসারণ করা হয়।
উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মশার ওষুধ স্প্রে, নর্দমা ও জমে থাকা পানি পরিষ্কার, ময়লার ভাগাড় অপসারণ এবং ড্রেনের জমাটবদ্ধ পানি নিষ্কাশনের ব্যবস্থাও নেওয়া হয়। চসিক জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।