শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার

১৩ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

রাষ্ট্রপতি প্রার্থী ফখরুল, ছাড়লেন বিএনপির মহাসচিব পদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় দলটির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থিতা চূড়ান্ত করেন।

বৈঠক শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মির্জা ফখরুলের প্রার্থিতার বিষয়টি ঘোষণা করেন।

রিজভী বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

তিনি জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

রিজভী আরও জানান, কিছুক্ষণের মধ্যেই মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৬ সাল থেকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ২০১১ সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের বিভিন্ন সংকট ও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।