বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে মো. রাব্বী (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাব্বী একটি বেসরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী ছিলেন।
পড়াশোনার পাশাপাশি তিনি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটারের কাজ করতেন। তিনি মাসকান্দা এলাকার জেলা পরিষদ হাইস্কুল রোডের মোবারক হোসেন ভুট্টুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাব্বী পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি একটি দোকানের ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরাও সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাব্বীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে জমিজমা সংক্রান্ত বিরোধকে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, রাব্বীর প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।