শুক্রবার
১৪ আগস্ট ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এলএনজিবাহী জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে শ্রমিক নিহতের ঘটনাকে ‘খুবই মর্মান্তিক দুর্ঘটনা’ বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতদের স্বজনদের সান্ত্বনা দিতে এবং আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারও পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে সরকারের দায়িত্ব সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আনা।
তিনি আরও জানান, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবারকে সহায়তা দেওয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম পাঠানো হয়েছে। তারা গ্যাস নির্গমন বন্ধে কাজ করছে।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শিল্পকারখানায় কমপ্লায়েন্স নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে। হংকং কনভেনশন অনুযায়ী গ্রিন শিপব্রেকিং ইয়ার্ডের সনদ ও মানদণ্ড রয়েছে।
এ ঘটনায় নিরাপত্তা ও কমপ্লায়েন্সে কোনো ঘাটতি ছিল কি না, তদন্তের মাধ্যমে তা খতিয়ে দেখা হবে। ঘাটতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও চেম্বারের পরিচালক এসএম সাইফুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।