শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

২৫ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

কনসার্ট বন্ধে সরকারের হাত নেই, নিরাপত্তার বিষয় থাকতে পারে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: সাংস্কৃতিক অনুষ্ঠান বা কনসার্টে বাধা দেওয়ার কোনো মানসিকতা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, কোনো কনসার্ট বাতিল হলে সেটিকে সরকারের অসহযোগিতা হিসেবে দেখার সুযোগ নেই; অনেক ক্ষেত্রে এর পেছনে নিরাপত্তাজনিত কারণ থাকতে পারে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কোথাও কোথাও কনসার্ট বন্ধ বা বাতিল হওয়া নিয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, ‘কনসার্ট বাতিল মানেই সরকার সহযোগিতা করেনি, তা নয়। হয়তো নিরাপত্তার বিষয় ছিল। বাংলাদেশে অনেক কনসার্ট হচ্ছে, বড় বড় কনসার্ট হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের তরফ থেকে সাংস্কৃতিক কোনো বিষয়ে বাধাবিঘ্ন হয়—এমন মানসিকতা নেই। এ ধরনের চিন্তা আমরা শেয়ার করি না।’

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিবেশে নাটকীয় উন্নতি হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে বর্তমানে সাংস্কৃতিক আয়োজন নিয়ে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা যে ঘটছে না, তা নয়।

সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উদ্যোগ ও সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী ও উপদেষ্টা।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।