শনিবার
২৯ আগস্ট ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: মুক্তিযুদ্ধসহ জুলাই আন্দোলনে শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে গুম-খুনের শিকার এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের চাকরি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধারা যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ ও ক্ষতিগ্রস্ত হয়েছেন—তাদের প্রত্যাশা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, শহীদ ও আত্মত্যাগকারীদের পরিবারগুলো সরকারের জন্য উৎসাহ, উদ্দীপনা ও শক্তির উৎস। এসব পরিবারের পাশে সরকার সবসময় থাকার চেষ্টা করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তারপরও সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব, সেই পরিবারগুলোর পাশে থাকা হবে।
তিনি বলেন, যতদিন দেশের মানুষ সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখবে, ততদিন শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আশা-প্রত্যাশা পূরণে কাজ করে যাবে সরকার।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠানটি আনন্দের পাশাপাশি কিছুটা কষ্টেরও। কারণ যাদের স্মরণে এ আয়োজন, তাদের অনেকেই আজ আমাদের মাঝে নেই। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ একটি ফ্যাসিস্ট অবস্থা থেকে মুক্তি পেয়েছে।
অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ৭৪ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। এর মধ্যে ১০ জনের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যারা অবদান রেখেছেন ও আত্মত্যাগ করেছেন, তাদের পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা সরকারের অব্যাহত থাকবে। তিনি শহীদ ও আত্মত্যাগকারী গণতন্ত্রকামীদের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।