রবিবার
৩০ আগস্ট ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় দুই লাখ কর্মী পাঠানোর প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরের শেষ দিকে পর্যায়ক্রমে শুরু হবে। আগামী ছয় মাসের মধ্যে এই কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, “বাংলাদেশ থেকে যে জনশক্তি রপ্তানি হবে, সেটি সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে পর্যায়ক্রমে শুরু হবে এবং আগামী ছয় মাসের মধ্যে এটি সমাপ্ত হবে বলে রাষ্ট্রদূত জানিয়েছেন।”
দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে তিনি বলেন, মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে এসব কর্মী দেশটিতে যাবেন।
এ ছাড়া আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে কোনো খরচ ছাড়াই মালয়েশিয়া নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আর এর বাইরে ১০ হাজার শ্রমিক তারা একদম ফ্রি নেবে, যেটাতে কোনো খরচ নেই।” পাশে থাকা এক প্রতিনিধি বিষয়টিকে ‘জিরো কস্ট’ হিসেবে উল্লেখ করলে প্রতিমন্ত্রীও বলেন, “জিরো কস্ট।”
তিনি জানান, বিনা খরচে কর্মী নেওয়ার প্রক্রিয়াও সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে শুরু হবে।
এদিকে মালয়েশিয়া থেকে এলএনজি আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে দেওয়া চিঠি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।