শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সোমবার

৩১ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

প্রাইভেটকারে বিদেশি মদের চালান, চট্টগ্রামে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ মো. আরিফুল ইসলাম ভূঞা (২১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আরিফুল ইসলাম ভূঞা খাগড়াছড়ি জেলার রামগড় থানার সদু কার্বারী পাড়ার মৃত শামছুল হকের ছেলে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ফেনী জেলা শহর থেকে একটি প্রাইভেটকারে করে বিদেশি মদের চালান চট্টগ্রাম নগরের দিকে আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় র‌্যাব।

এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার চেকপোস্টের কাছে এলে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক গাড়ির গতি বাড়িয়ে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে গাড়িসহ আরিফুল ইসলাম ভূঞাকে গ্রেপ্তার করেন।

র‌্যাব জানায়, গাড়িতে থাকা অপর এক ব্যক্তি কৌশলে নেমে পালিয়ে যান। পরে প্রাইভেটকারের ভেতর ও পেছনে থাকা আটটি বাদামি রঙের তেলের কার্টনে তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের স্টিকারযুক্ত ১১৮ বোতল ইনটেক বিদেশি মদ উদ্ধার করা হয়।

একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার আরিফুল ইসলাম ভূঞা ও পলাতক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করে আসছিলেন। পরে এসব মদ চট্টগ্রাম নগরের বিভিন্ন পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করতেন তারা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।