মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে ফাতেহা পাঠ করে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন বিএনপির নেতারা।
শ্রদ্ধা নিবেদনের সময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিহউল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলামও এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়া দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তা ব্যবস্থা শিথিল হলে সমাধি প্রাঙ্গণে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। এ সময় তারা মিছিল নিয়ে ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দেন।
এর আগে ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
বিএনপি কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি পালন করছে। এর মধ্যে সারাদেশে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীতে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী পৃথক বিবৃতিতে দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এবার এমন এক সময়ে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যখন প্রায় দুই দশক পর দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে এবং প্রথমবারের মতো দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।