মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার শাহারপাড়া এলাকার বাসিন্দা ফিরোজ আহমেদ তৌহিদ (২৩) ও মাহী পাটোয়ারী (২৪)।
নিহতদের সহযাত্রীরা জানান, পাঁচটি মোটরসাইকেলে করে ১০ বন্ধু চাঁদপুর থেকে প্রথমে সাজেক এবং পরে কক্সবাজারে বেড়াতে যান। রোববার কক্সবাজার পৌঁছানোর পর মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে চাঁদপুরে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
হাইওয়ে পুলিশ দোহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী জানান, দুই যুবক মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। ঠাকুরদিঘী এলাকায় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি মাছবাহী পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
ওসি জানান, সংঘর্ষে মোটরসাইকেলচালক ফিরোজ আহমেদ তৌহিদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মাহী পাটোয়ারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সকাল পৌনে ৯টার দিকে মাহী পাটোয়ারীকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের বন্ধু মো. সোহান জানান, পাঁচটি মোটরসাইকেলে করে তারা ১০ বন্ধু চাঁদপুর থেকে সাজেক হয়ে কক্সবাজারে গিয়েছিলেন। সেখান থেকে চাঁদপুরে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।
দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার, স্বজন ও সহযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।