শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বুধবার

০২ সেপ্টেম্বর ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

সাড়ে পাঁচ মাস পর রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত ৯টার দিকে মির্জা আব্বাসের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস মালয়েশিয়া থেকে জানিয়েছেন, চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়ার পরই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে ফেরার সব প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

দীর্ঘ চিকিৎসার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার ও দলের নেতারা। তবে দেশে ফেরার পরও তার চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যেতে হবে। এ জন্য প্রতিদিন ফিজিওথেরাপির ব্যবস্থাও করা হয়েছে।

যেভাবে অসুস্থ হয়েছিলেন

গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

বর্তমানে মির্জা আব্বাস ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ সময় চিকিৎসার কারণে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে ছিলেন তিনি। দেশে ফেরার পর আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

চিকিৎসা শেষে মির্জা আব্বাসের দেশে ফেরাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। সুস্থ হয়ে দেশে ফেরায় দলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।