শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বুধবার

০২ সেপ্টেম্বর ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে যৌথ অভিযান পুলিশ-র‍্যাবের

শাহরিয়ার মুনির জিসান: চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী ও অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আজ জেলা পুলিশের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে জেলা পুলিশের পাশাপাশি অংশ নেয় র‍্যাব সদস্যরাও।

আজ বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত—প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয় জঙ্গল সলিমপুরের আলীনগর ও ছিন্নমূল এলাকার বিভিন্ন স্থানে।

জেলা পুলিশ ও র‍্যাবের সমন্বিত এই অভিযানে সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য আস্তানা, সন্দেহজনক স্থান এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে তল্লাশি চালানো হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব জুনায়েত কাউসার-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য ছিল তিনটি—
জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী ও অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া, অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করা, সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখা।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্থানীয় জনগণের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেওয়া হয়—কোনোভাবেই সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।

পাশাপাশি অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।