বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এমদাদুল ইসলাম হাবিব (৩২) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর গোমদণ্ডী বাংলা পাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহত এমদাদুল ইসলাম হাবিব ওই এলাকার মৃত শফিদুল ইসলামের ছেলে।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) হায়াত জানান, খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। সর্বশেষ রোববার হাবিবকে স্থানীয়রা দেখেছিলেন।
পুলিশ জানায়, হাবিব মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রায় ১০ থেকে ১২ বছর ধরে স্ত্রী-সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে ভবঘুরের মতো জীবনযাপন করতেন। জঙ্গলের ভেতরে একটি পরিত্যক্ত বাড়ির ছোট একটি কুঁড়েঘরে তিনি থাকতেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, লাশ দেখে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহটি পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।