শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার

০৩ সেপ্টেম্বর ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

সাড়ে পাঁচ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর সংসদ কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। এ সময় স্পিকার তাকে স্বাগত জানান। পরে অন্যান্য সংসদ সদস্য টেবিল চাপড়ে তাকে অভিবাদন জানান।

এর আগে গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তী সময়ে চিকিৎসার জন্য মালয়েশিয়াতেও যান তিনি।

দীর্ঘ চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফেরেন বিএনপির এই নেতা।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। এর ঠিক আগের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় এবং পরে বিদেশে চিকিৎসাধীন থাকায় সংসদের আগের অধিবেশনগুলোতে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস। এমনকি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটেও অংশ নিতে পারেননি তিনি।

ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস।