শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শনিবার

০৫ সেপ্টেম্বর ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

‘জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় নয়’: শফিকুর রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচি ওষুধের মতো কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় এর ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে।’

শনিবার (৫ সেপ্টেম্বর) ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এ সমাবেশ শুরু হয়। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা নেমেছি ১৮ কোটি মানুষের পক্ষে। আমাদের স্পষ্ট ছয় দফা দাবির পর সপ্তম দফা দাবি হচ্ছে—কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করব না।’

তিনি বলেন, ‘চাঁদাবাজদের জ্বালায় জনগণ অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে।’

জামায়াত আমির আরও বলেন, ‘আমরা পরিষ্কার বলে দিতে চাই, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে জনগণ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের মাধ্যমে ৬ দফা দাবি আদায়ের পাশাপাশি চাঁদাবাজি, দুর্নীতি ও জনদুর্ভোগের বিরুদ্ধে জনমত গড়ে তোলার কথা জানান ১১ দলীয় ঐক্যের নেতারা।