রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রেজা আহমেদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী জানান, জনগণের ওপর মাথাপিছু ঋণের বোঝা কমাতে সরকার রাজস্ব আদায় বাড়ানো, সরকারি অর্থের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনাকে আরও শৃঙ্খলাবদ্ধ করার ওপর গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর পাশাপাশি কর ও কর-বহির্ভূত রাজস্ব বৃদ্ধি এবং সরকারের নিজস্ব আয় বাড়ানোর মাধ্যমে ঋণের প্রয়োজনীয়তা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে সরকারি ব্যয়কে আরও সাশ্রয়ী ও কার্যকর করা এবং অপ্রয়োজনীয় ও কম অগ্রাধিকারপ্রাপ্ত ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারের অর্থায়নের প্রয়োজনীয়তা কমানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি ঋণের সুদের হার ও পুনর্বিত্তায়নের ঝুঁকি কমাতে বাজারভিত্তিক ও শৃঙ্খলাবদ্ধ ঋণ সম্প্রসারণের নীতি অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি সরকারি সিকিউরিটিজের বাজারকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, অভ্যন্তরীণ ঋণের বাজার সংস্কার এবং বিনিয়োগকারীর ভিত্তি তৈরিতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সঞ্চয়পত্রের মাধ্যমে অতিরিক্ত ঋণ গ্রহণ নিয়ন্ত্রণে নির্ধারিত সীমা অনুসরণ করা হচ্ছে। একই সঙ্গে সঞ্চয়পত্রের সুদ বা মুনাফার হারকে বাজার পরিস্থিতি ও প্রচলিত সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে তুলনামূলক বেশি ঋণের ওপর নির্ভরতা কমানো, সরকারের সামগ্রিক সুদ ব্যয় নিয়ন্ত্রণে রাখা এবং আরও ভারসাম্যপূর্ণ ঋণ পোর্টফোলিও তৈরি করা সম্ভব হবে।
এ ছাড়া অতিরিক্ত ও অপরিকল্পিত ঋণ গ্রহণ এড়াতে ‘বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা’ প্রণয়ন এবং তা যথাযথভাবে অনুসরণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।