মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

মঙ্গলবার

০৮ সেপ্টেম্বর ২০২৬

১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষ, সীতাকুণ্ডে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পৃথক জনসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকটি দেশীয় অস্ত্রের পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে স্থানীয় দুটি পক্ষ পৃথক জনসমাবেশের আয়োজন করলে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

এ সময় কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযানে নামে চট্টগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় সাদেক (২৯), কামরুল (৩৯) ও হানিফকে (৩৪) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য এবং তদন্তে প্রাপ্ত সূত্রের ভিত্তিতে সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান চালিয়ে ১১টি ধারালো ছুরি, তিনটি কিরিচ, একটি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি একনলা কাটা বন্দুকও উদ্ধার করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অবৈধ অস্ত্রের প্রদর্শন কোনোভাবেই বরদাশত করা হবে না। অপরাধী যে দল, যে গ্রুপ বা যে রাজনৈতিক পরিচয়ই ব্যবহার করুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়। ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানানো হয়েছে।

ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।