বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের বর্তমান ইসলামি প্রজাতন্ত্রী সরকার পতনের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার (৯ সেপ্টেম্বর) সিরিয়ার অধিকৃত জাবল আল-শেখ (মাউন্ট হারমন) এলাকা পরিদর্শনের সময় তিনি এ দাবি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের বেশ কিছু লক্ষ্য এখনো বাকি রয়েছে। এর মধ্যে প্রধান লক্ষ্য হলো তেহরানের বর্তমান সরকারকে উৎখাত করা। এই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি তারা পৌঁছে গেছেন বলেও দাবি করেন তিনি।
তিনি আরও আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যে ইরানের নেতৃত্বাধীন মূল প্রভাব বলয় বা ‘অক্ষ’ শেষ পর্যন্ত পুরোপুরি ধসে পড়বে।
সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর সামরিক উপস্থিতির যৌক্তিকতা তুলে ধরে নেতানিয়াহু বলেন, ইসরায়েল নিজেদের সীমান্ত এলাকায় কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে ঘাঁটি স্থাপন বা নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ দেবে না।
দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা হবে বলেও পুনর্ব্যক্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
নেতানিয়াহুর এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।