বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং সরকার একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, “আজকে আমরা যেখানে আছি, গণমাধ্যম আছে বলেই সেখানে আছি। গণমাধ্যম সবসময় যে ভূমিকা নিয়েছে, তার কারণে আজকে আমাদের যত অর্জন। বাংলাদেশের গণতন্ত্র আজ যে পর্যায়ে আছে, তার সমান সমান ক্রেডিট গণমাধ্যমের।” তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, “ইনশাআল্লাহ আমাদের সময়ে আপনারা স্বাধীন মিডিয়া পাবেন এবং আমাদের তরফ থেকে আপনাদের সাংবাদিকতায় কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা নেই।”
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, সাংবাদিকদের কল্যাণে ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’-এর বরাদ্দকৃত অর্থ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তাব প্রেরণ করা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে ডিআরইউ এবং বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ ও কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।