রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৩ সেপ্টেম্বর ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

অপরাধী যে-ই হোক, আইনগত ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, আগে গায়েবি মামলার বাদী সাধারণত পুলিশ থাকলেও গত দুই বছরে রাজনৈতিক গায়েবি মামলা হয়েছে—এমন কোনো প্রমাণ নেই। পুলিশ বাদী হয়ে নতুন করে কোনো মামলাও করেনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, অপরাধী যে-ই হোক না কেন, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, অস্ত্র ও সোনা চোরাচালান বন্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে কোনো দ্বিমত বা শর্ত নেই। জুলাই সনদ অনুযায়ী সার্বিক বাস্তবায়ন সম্পন্ন করা হবে।

এর আগে সাতক্ষীরার বিচারকদের সঙ্গে মতবিনিময় সভা করেন আইনমন্ত্রী। বিচার বিভাগকে আরও গতিশীল করতে বিচারকদের শূন্য পদে দ্রুত নিয়োগ এবং মামলার জট কমানোর আশ্বাস দেন তিনি।

আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কায়সার আজিজ।