শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৪ সেপ্টেম্বর ২০২৬

৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান, জোরারগঞ্জে গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে চোরাই মোটরসাইকেল চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি চোরাই মোটরসাইকেল ও ছয়টি মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ।

জোরারগঞ্জ থানা-পুলিশের ভাষ্য, গত রোববার (১৩ সেপ্টেম্বর) চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার রজব আলী সওদাগর বাড়িতে নুর হোসেনের পাকা ঘরে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য যাচাই করে তাঁদের সঙ্গে নিয়ে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছত্তরুয়া এলাকায় করেরহাট বাইক ল্যাব নামের একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি হিরো ও অন্যটি প্লাটিনা ব্র্যান্ডের।

পুলিশ জানায়, অভিযানে সব মিলিয়ে তিনটি মোটরসাইকেল ও ছয়টি মুঠোফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন করেরহাট ইউনিয়নের মো. জামসেদ হোসেন ওরফে শুভ (২৩), পূর্ব অলিনগরের মো. শরিফুল ইসলাম ওরফে জনি (২৬), বারইয়ারহাট পৌরসভার সাইফুল ইসলাম ওরফে চাঁদ মিয়া (২০), ধুম ইউনিয়নের আসিফ মাহমুদ ওরফে অভি (২৪) ও ইসমাইল হোসেন (১৮) এবং ইছাখালী ইউনিয়নের মো. মাশরাফি (২০)। পুলিশ জানিয়েছে, মাশরাফির বিরুদ্ধে চুরির তিনটি মামলা রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় চোরাই মোটরসাইকেল উদ্ধার ও সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।