মঙ্গলবার
১৫ সেপ্টেম্বর ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে নীরব প্রতিবাদ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের অ্যাডভোকেট লাউঞ্জের সামনে জড়ো হয়ে তারা এ প্রতিবাদ জানান।
এ সময় সম্মিলিত কোনো স্লোগান না হলেও কয়েকজন আইনজীবীকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়।
প্রতিবাদকারী আইনজীবী শেখ গোলাম কিবরিয়া বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানাতেই তারা জড়ো হয়েছেন। তিনি দাবি করেন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিথ্যা মামলা’ দিয়ে প্রহসনের রায় দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সাত আসামির প্রত্যেকের বিরুদ্ধে চারটি করে অভিযোগ ছিল। বিভিন্ন অভিযোগে তাদের মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।