শনিবার
১৯ সেপ্টেম্বর ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে অপহরণের মাত্র ৬ ঘণ্টার মধ্যে ১ বছর ৯ মাস বয়সী শিশু সাবিহা নূরকে উদ্ধার করেছে র্যাব-৭ (এসআরবি-৭)। একই সঙ্গে অপহরণের ঘটনায় জড়িত মূল দুই পরিকল্পনাকারীকে গ্রেফতার এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার জনারকেউ চিয়ার এলাকার মো. মোজাম্মেল হোসেন (৪১) এবং তার স্ত্রী দিলো আরা বেগম (৪০)। এ ছাড়া হেফাজতে নেওয়া কিশোর আমির হোসেন (১৫) লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, অপহৃত শিশু সাবিহা নূর বোয়ালখালী উপজেলার কদূরখিল গ্রামের মো. বোরকান উদ্দিন টিটুর মেয়ে। পরিবারটি বর্তমানে চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা এলাকার মদিনা ভাতঘরের পেছনে ভাড়া বাসায় থাকে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে কাপ্তাই রাস্তার মাথার বসতঘর থেকে শিশুটিকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় কিশোর আমির হোসেন। আমির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তার মামা মোজাম্মেল ও মামি দিলো আরা বেগমের সঙ্গে চুক্তি অনুযায়ী টাকার বিনিময়ে সে শিশুটিকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অপহরণ করে।
ঘটনার পরপরই পরিবার ও র্যাব অভিযানে নামে। ওই দিন বিকেল ৩টার দিকে নগরীর লালখান বাজার এলাকা থেকে কিশোর আমির হোসেনকে শনাক্ত করে হেফাজতে নেওয়া হয় এবং তার কাছ থেকে শিশু সাবিহাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর স্বাধীনতা কমপ্লেক্সের সামনে থেকে মোজাম্মেল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে দিলো আরা বেগমকে আটক করা হয়।
এ ঘটনায় শিশুটির বড় চাচা বাদী হয়ে চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-২৮) দায়ের করেছেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।