সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৯ সেপ্টেম্বর ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

জ্বালানি খাতে স্বস্তি: তিতাস-২৮ কূপে গ্যাস উৎপাদন শুরু, শুভ উদ্বোধন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের নতুন একটি উন্নয়ন কূপ (তিতাস-২৮) থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এই কূপ থেকে দৈনিক গড়ে ১২ থেকে ১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে, যা দেশের সামগ্রিক সরবরাহ বৃদ্ধির পাশাপাশি শিল্প ও বিদ্যুৎ খাতের ঘাটতি মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আনুষ্ঠানিকভাবে তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন।

খনন ও নির্মাণ তথ্য: বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) সূত্রে জানা যায়, তিতাস গ্যাসক্ষেত্রের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকার ‘সি’ লোকেশনে অবস্থিত এই কূপটির খননকাজ শুরু হয়েছিল গত বছরের ১৫ ডিসেম্বর এবং শেষ হয় চলতি বছরের ১৯ জুন। ৩ হাজার ৬০১ মিটার গভীর এই কূপটি খনন ও সংশ্লিষ্ট কাজে মোট ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।

উৎপাদন সক্ষমতা: খনন শেষে পরীক্ষা-নিরীক্ষা (ডিএসটি) ও পরীক্ষামূলক সরবরাহের পর শনিবার থেকে এটি জাতীয় গ্রিডে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। বিজিএফসিএলের প্রতিবেদন অনুযায়ী, এ কূপ থেকে দৈনিক গড়ে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

প্রকল্পের অগ্রগতি: ‘তিতাস ও কামতা ফিল্ডে চারটি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন’ প্রকল্পের আওতায় তিতাস ও কামতা গ্যাসক্ষেত্রে মোট চারটি কূপ খননের উদ্যোগের অংশ হিসেবে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। তিতাসে আরও দুটি কূপ খনন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিকসহ পেট্রোবাংলা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রীসহ অতিথিরা তিতাস গ্যাসক্ষেত্রে চলমান গভীর অনুসন্ধান কূপ তিতাস-২৯ ও তিতাস-৩১-এর খননকাজও সরেজমিনে পরিদর্শন করেন।