সোমবার
২১ সেপ্টেম্বর ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার সময়ে দেশে বাড়ানো জ্বালানি তেলের দাম প্রত্যাহার করে আগের মূল্য বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বর্তমানে নিম্নমুখী। এর মধ্যে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি এবং জ্বালানি সংকটের কারণে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে বেকারত্ব বাড়ছে।
এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে যাতায়াত, যোগাযোগ, পণ্য ও যাত্রী পরিবহন এবং শিল্প উৎপাদনে ব্যয় আরও বাড়তে পারে বলে মনে করছে সংগঠনটি।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের সাত মাসের মধ্যে দুই দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এ সিদ্ধান্ত থেকে সরে এসে জরুরি ভিত্তিতে বর্ধিত মূল্য প্রত্যাহার করে আগের দাম বহাল রাখার দাবি জানান তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, জনস্বার্থে সরকারকে প্রয়োজনে কোনো খাতে ব্যবসা এবং কোনো খাতে ভর্তুকি দেওয়ার নীতি গ্রহণ করতে হয়।
দেশের আর্থিক সংকটের সময়ে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে অর্থনীতির কার্যক্রম সচল রাখা এবং মূল্যস্ফীতি কমানোর মাধ্যমে সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন মো. মোজাম্মেল হক চৌধুরী।