সোমবার
২১ সেপ্টেম্বর ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেকটাই কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যেও সরকার জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে। দাম কিছুটা সমন্বয় করার পরও সরকারকে বিপুল পরিমাণ লোকসান গুনতে হচ্ছে বলে দাবি করেন তিনি।
জ্বালানি তেলের দামের হিসাব তুলে ধরে রিজভী বলেন, বর্তমানে প্রতি লিটার ডিজেল আমদানিতে খরচ হচ্ছে ২৫০ টাকা। দাম সমন্বয়ের পরও প্রতি লিটার ডিজেলে সরকারের প্রায় ৭০ টাকা লোকসান হচ্ছে। জ্বালানি সংকট মোকাবিলায় সরকার আন্তরিকতার সঙ্গে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
জ্বালানি সংকটকে কেন্দ্র করে দেশে কৃত্রিম অরাজকতা তৈরির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা দেখা যাচ্ছে। এর পেছনে ‘পতিত স্বৈরাচারের’ যোগসাজশ থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র চলছে। বিরোধীদের কাছ থেকে দায়িত্বশীল ও বাস্তবসম্মত সমাধান প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু লংমার্চের নামে সরকার ও বিএনপির বিরুদ্ধে যে ধরনের কটূক্তি করা হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়।
প্রশাসনের একটি অংশের ভূমিকা নিয়েও সংশয় প্রকাশ করেন রিজভী। তিনি অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসররা নাশকতা বা স্যাবোটেজের চেষ্টা চালাতে পারে। গোপন বৈঠকে কেউ পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।