সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২১ সেপ্টেম্বর ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

'আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে মোবাইল কোর্ট' — বোয়ালখালীতে সংসদ সদস্য এরশাদ উল্লাহ

এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বোয়ালখালীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি জোরদার, প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের ‘স্বাধীনতা’ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ।

সভায় বোয়ালখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, উপজেলা কৃষি অফিসার শাহিনুর ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার রুমন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ এবং বোয়ালখালী পল্লী বিদ্যুতের ডিজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শওকত আলম, উপজেলা বিএনপি নেতা হাজী মো. ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান ও নুরুল করিম, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আলোচনার মূল বিষয়বস্তু:

সভায় উপজেলার শাকপুরা চৌমুহনী বাজার, গোমদণ্ডী ফুলতল, পৌরসভা সদর ও কানুনগোপাড়া এলাকার তীব্র যানজট নিরসন এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়। এছাড়া এলাকায় মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডির মাধ্যমে অপপ্রচার বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

একইসঙ্গে বোয়ালখালীতে পল্লী বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করে জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নিতে ডিজিএম-কে জোরালো অনুরোধ জানান উপস্থিত নেতৃবৃন্দ।