মঙ্গলবার
২২ সেপ্টেম্বর ২০২৬
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বে তিনি যোগ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক।
অধিবেশন কক্ষে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে আসন বণ্টনে বাংলাদেশের আসন রয়েছে সামনের সারিতে। কক্ষে প্রবেশ করে অধিবেশনের সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করে নিজ আসনে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় তার পাশে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। পেছনের সারিতে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতও রয়েছেন।
গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন চলবে আগামী বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। মঙ্গলবার থেকে শুরু হয়েছে সাধারণ বিতর্ক। প্রথম দিন ভাষণ দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের।
এবারের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।