বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৩ সেপ্টেম্বর ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘বাংলাদেশকে মূল্যবান ভাই’ বললেন এর্দোয়ান, তারেকের সঙ্গে বৈঠকে অংশীদারত্বের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক:: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর্দোয়ান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ইউনাইটেড নেশনস প্লাজায় তুর্কি হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে বহুপক্ষীয় প্ল্যাটফর্মে সমন্বিত অবস্থান এবং রোহিঙ্গা সংকটসহ মানবিক বিষয়গুলোতে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা করেন দুই নেতা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রেসিডেন্ট এর্দোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘মূল্যবান ভাই’ হিসেবে উল্লেখ করেছেন। তুরস্ক বাংলাদেশের সঙ্গে বিস্তৃত অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী বলেও জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দুই নেতা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেছেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বিশেষ দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, এর্দোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোচনা ছিল গঠনমূলক, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। তিনি জানান, নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এবং তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

এদিন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন তারেক রহমান। এসব বৈঠকে অর্থনৈতিক অংশীদারত্ব, আঞ্চলিক সহযোগিতা, জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ এবং শান্তিরক্ষা কার্যক্রমের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।

এ ছাড়া জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের হাইকমিশনার এবং মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ উদ্যোগে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান আয়োজনের কথাও জানানো হয়েছে।

এদিকে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সঙ্গে বৈঠকে ঢাকায় প্রতিষ্ঠানটির কার্যালয় বা ফোকাল পয়েন্ট স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাংলাদেশে মেটার কার্যক্রম, সাইবার নিরাপত্তা, ই-কমার্স, অনলাইন ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল হয়রানি কমাতে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে মেটা কীভাবে কাজ করতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। ঢাকায় কার্যালয় খোলার বিষয়টি মেটা পর্যালোচনা করবে বলেও জানান শামা ওবায়েদ।