বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৩ সেপ্টেম্বর ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ডিজেলের দাম বৃদ্ধির পর দূরপাল্লা, আন্তঃজেলা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন ভাড়া মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার বিষয়টি জানিয়েছে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। এসব মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটের বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজেলের মূল্য বৃদ্ধি ও বর্তমান পরিচালন ব্যয় বিবেচনায় নিয়ে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে নতুন ভাড়া গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

নতুন ভাড়ার তালিকা প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে আসন পুনর্বিন্যাস করা হলে ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে বিআরটিএ বা সংশ্লিষ্ট যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন নিতে হবে।

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ নিয়ে আগে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে।

এর আগে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ায়। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।