শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২৫ সেপ্টেম্বর ২০২৬

১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে: মীর হেলাল

স্টাফ রিপোর্টার: একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদী দোসররা আজও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না এবং জনগণ ঐক্যবদ্ধ থেকে এসব চক্রান্ত প্রতিহত করবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামে মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, “গত ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে সরকার যখন দিনরাত কাজ করছে, তখন পরাজিত ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার পাঁতারা চালাচ্ছে। তবে এ দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো নিষিদ্ধ সংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমরাও চাই হাসিনা দেশে ফিরে আসুক। দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আদালতে আত্মসমর্পণ করুক; আদালতই তাঁর ভাগ্য নির্ধারণ করবেন।”

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

নাজিমুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “একটি নির্বাচিত সরকারকে ঝটিকা মিছিল ও জ্বালাও-পোড়াও করে ক্ষমতা থেকে সরানোর স্বপ্ন দিবাস্বপ্নই থেকে যাবে। কোনো সহিংসতা না চেয়ে রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনসহ শীর্ষ স্থানীয় যুব ও ছাত্র নেতারা। বক্তারা যেকোনো ধরনের আগুন সন্ত্রাস ও জাতীয় ঐক্যের বিরুদ্ধে চক্রান্ত রাজপথে থেকে কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দেন।