সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৮ সেপ্টেম্বর ২০২৬

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সংবিধানের ৮ অনুচ্ছেদে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিষয়টি সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতির অংশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে সংবিধান সংশোধন কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে কমিটির অগ্রাধিকার ‘জুলাই জাতীয় সনদ’। পাশাপাশি নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও বিবেচনায় নেওয়া হবে। ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানের ৮ অনুচ্ছেদে পুনরায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, সংবিধানের প্রস্তাবনাসহ ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদে পরিবর্তনের প্রস্তাব আসতে পারে। এসব ক্ষেত্রে সংশোধন আনা হলে রাষ্ট্রপতির অনুমোদনের আগে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী গণভোটের প্রয়োজন হবে। সংসদে সংশোধনী বিল পাসের পর গণভোট অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুরক্ষায় গণভোটের প্রস্তাবের বিষয়েও কথা বলেন কমিটির আহ্বায়ক। তিনি জানান, বিএনপির পক্ষ থেকে এমন একটি প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো সংসদ যেন সহজে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে না পারে। এ-সংক্রান্ত বিধান পরিবর্তনের ক্ষেত্রেও গণভোটের বাধ্যবাধকতা রাখার প্রস্তাব করা হয়েছে।

সংবিধান সংশোধনের সময়সীমা সম্পর্কে সালাউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরের মধ্যে কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের চেষ্টা চলছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন মন্ত্রণালয় থেকে সংশোধনী বিল প্রস্তুত করা হবে। আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিলটি উত্থাপনের আশা করা হচ্ছে।

সংসদে বিলটি নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সংশোধন শেষে পাস হলে সাংবিধানিকভাবে প্রয়োজনীয় ক্ষেত্রে গণভোটের মাধ্যমে সংশোধন প্রক্রিয়া চূড়ান্ত হবে।